ঢাকা, ২১ আগষ্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --রক্তাক্ত ২১ আগস্টের তিন বছর পূর্তি হলো মঙ্গলবার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই সীমিত পরিসরে দিনটি পালিত হয়েছে।
তিন বছর আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। তখনকার বিরোধীদলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঝরে যায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২২ টি প্রাণ। আহত হন শতশত নেতাকর্মী ও সমর্থক।
জরুরি অবস্থায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং ওর্য়াকার্স পার্টি ও সাম্যবাদী দলসহ ২১ আগস্টের আহতরা অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফুল দেওয়ার সময় সামনের সারিতে দাঁড়ানো নিয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতার মধ্যে তীব্র বাকবিতন্ডার ঘটনা ঘটে।
সকাল আটটা ৫৭ মিনিটে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন। তিনি পৌঁছেই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, মুকুল বোস, আব্দুল মান্নান, আসাদুজ্জামান নুরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন
শ্রদ্ধা নিবেদন করার পর কিছুক্ষণ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে জিল্লুর রহমান চলে যান। এর আগে তিনি সাংবাদিকদের বলেন,"বিএনপি-জামাত জোট এই হত্যাকান্ড চালিয়েছিল। এখনও এই হত্যাকান্ডের তদন্ত ও বিচার হয়নি। সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহবান জানাচ্ছি। আজকের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী আমাদের মাঝে নেই এটা সত্যিই দুঃখজনক।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর বাইরে সাম্যবাদী দলের পক্ষ থেকে দীলিপ বড়
bdnews24