যশোর, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বেনাপোল বন্দরে কাজ হবে। তবে এদিন শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য বন্দর থেকে ছাড় করা হবে।
সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শনিবার বিকেলে জানান, বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন শনিবার সাপ্তাহিক ছুটির দিনও কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে যৌথবাহিনী ও জেলা প্রশাসনের একটি টিম বেনাপোল বন্দর পরিদর্শন করে। এ সময় আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রুত ছাড় করতে শনিবার বন্দর খোলা রাখার জন্য তারা বন্দর কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান।
পরিদর্শন টিমে ছিলেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম, বিডিআরের সিও কর্ণেল বদরুল হুদা, জেলা প্রশাসক আবুয়াল হোসেন, কাস্টমস কমিশনার নাসির উদ্দিন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোয়িশনের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২২৪৩ ঘ.
bdnews24