ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফুল দেওয়া ও মোনাজাত করা হবে। ওই হামলায় নিহত আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ২৪ আগস্ট সকালে বনানীতে তার কবরে ফুল দেওয়া হবে। এছাড়া বিকেলে তার গুলশানের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস এক যুক্তবিবৃতিতে ২১ আগস্টের কর্মসূচি পালনের জন্য দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন।
২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের মহিলা বিষয় সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১৫ ঘ.
bdnews24