২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে ফুল আর স্মৃতিতে জাগলেন শামসুর রাহমান

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো শুক্রবার। তবে বন্যার কারণে কবির মৃত্যুবার্ষিকীতে ব্যাপক কোনো আয়োজন করেনি কোনো সংগঠন। কবরে পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্য দিয়ে দিনটি পালিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 04:47 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো শুক্রবার। তবে বন্যার কারণে কবির মৃত্যুবার্ষিকীতে ব্যাপক কোনো আয়োজন করেনি কোনো সংগঠন। কবরে পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্য দিয়ে দিনটি পালিত হলো। দীর্ঘ জীবন কবিতার ঘর-গেরস্থালি করে শামসুর রাহমান গত বছর এ দিনে পৃথিবী ছেড়ে যান। সকাল ৮টায় নাগরিক কমিটি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাহিত্যপ্রেমী ও কবিভক্তরা বনানীতে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কবি শামসুর রাহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কবিতা পাঠের মাধ্যমে কবিকে স্মরণ করে নাগরিক কমিটি। এ সময় কবির স্ত্রী জোহরা রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান ও দুই নাতি দিপীতা ও নয়না, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক এম আনিসুজ্জামানসহ বিভিন্ন সাংস্কৃতি সংগঠনের নেতারা কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সন্ধ্যায় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় কবির জীবন ও কর্মের ওপর আলোচনা করেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক এম আনিসুজ্জামান, ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. মো. সামাদ, ও সামুজ্জামান খান। কবিতা পাঠ করেন কবি রফিক আজাদ, নির্মলেন্দু গুন, রুবী রহমান, রবিউল হুসাইন ও আসলাম সানী। শিল্পী রামেন্দ্র মজুমদার, আসাদুজ্জামান নুর, ঝর্না সরকার, কাজী আরিফ প্রমুখ কবির কবিতা আবৃত্তি করেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে বিশ্বকলা কেন্দ্র কবিতা পাঠের আয়োজন করে। কবি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জ্ন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস নরসিংদীর রায়পুরা থানা পাড়াতলি গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/এফএইচবি/এমএইচবি/২২০৯ ঘ.