ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণ হিসেবে সৌদি আরবের পাঠানো পাঁচ কোটি ডলারের সাহায্যের প্রথম চালান সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে। একজন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
বাংলাদেশের চলতি বন্যায় সৌদি আরবই প্রথম দেশ যারা দুর্গত মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছে।
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহা পরিচালক সদরুদ্দিন আহমদ বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন এম আল-ওবায়েদ আল নামলার কাছ থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রাষ্ট্রদূত বলেন, এ ত্রাণ সামগ্রী সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের স্বত:স্ফূর্ত আগ্রহের প্রকাশ।
সৌদি বাদশাহ সাত হাজার কার্টন খাদ্যশস্য, ২০ হাজার প্যাকেট তৈরি খাদ্য, ১০ হাজার কম্বল, ১০ হাজার বিছানার চাদর, ২০ হাজার তাঁবু ও প্লাস্টিকের কভার এবং ১০ হাজার টন ওষুধ দিয়েছেন।
সৌদি সরকারের পরবর্তী ত্রাণ সামগ্রী ১৬ আগস্ট এসে পৌঁছাবে।
খাদ্য উপদেষ্টাকে হস্তান্তর :
বাংলাদেশে আসা সৌদি সরকারের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন।
মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে সৌদি যুবরাজের প্রতিনিধি হিসেবে আলী আল মুজাহিদী ত্রাণ সামগ্রীর একটি প্যাকেট হস্তান্তর করেন।
প্যাকেটগুলোর মধ্যে রয়েছে ২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ষোল প্যাকেট গুঁড়োদুধ, ১ প্যাকেট সেমাই, দুই লিটার সয়াবিন তেল এবং তিন প্যাকেট বিস্কুট।
বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/এনএইচ/এএনএইচ/এডি/এফএফ/এসকে/১৬৪৫ ঘ.
bdnews24