গাজীপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টঙ্গি বাজার এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজি মাজার বস্তি পরিদর্শন করেছেন জেলা প্রশাসন মিজানুর রহমান ও পুলিশ সুপার আলমগীর আলম। শনিবার সকালে তারা বস্তিটিতে যান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন।
শুক্রবার রাতে আগুন লেগে ওই বস্তির তিনশ ঘর পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দমকল সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
শনিবার প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯১ পরিবারকে চিহ্নিত করে নগদ এক হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া টঙ্গি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার দেওয়া হয়।
দমকল বাহিনী জানায়, শুক্রবার রাত পৌণে ১২টার দিকে বস্তির ফজলু ব্যাপারীর ঘরে মোমবাতি থেকে প্রথম আগুন লাগে।
টঙ্গি ফায়ার স্টেশনের কর্মকর্তা বাবুল চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তির ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগোয়া ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়।
টঙ্গী ও কুর্মিটোলা স্টেশনের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ৩০০ ঘর পুড়ে যায় বলে দমকল সদর দপ্তর জানায়।
তবে দমকলকর্মীরা বস্তির প্রায় এক হাজার ২০০ ঘর রক্ষা করতে সক্ষম হয়।
আগুন লাগার সময় বিদ্যুৎ না থাকায় অধিকাংশ লোকজন বস্তির বাইরে মাঠে বসা ছিলেন। ফলে এতে কেউ হতাহত হয়নি বলে বস্তিবাসীরা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এমআই/এসকে/১৪৫৪ ঘ.
bdnews24