ঢাকা, আগষ্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৮৩তম জন্মদিনে শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে চিত্রশিল্পী এস এম সুলতানকে স্মরণ করছে দেশবাসী। শিল্পীর জন্মস্থান নড়াইলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিবসটিতে সারাদিনই বিভিন্ন কর্মসূচি পালন করছে।
শুক্রবার সকাল ৮ টায় শিল্পীর সমাধিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় কবর জিয়ারত, কোরআন খানি এবং মিলাদ ও দোয়া মাহফিল এবং শিল্পীর প্রতিষ্ঠিত শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
শিল্পীকে স্মরণে স্থানীয় ডাকবাংলো চত্বর থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শিশুস্বর্গে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা এস এম সুলতানের ওপর স্মৃতিচারণ করে বলেন, এস এম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তিনি ছিলেন একাধারে একজন প্রকৃতি প্রেমী। তাই তিনি মৃত্যুর আগে নড়াইলের চিত্রার পাড়ে গড়ে তুলে ছিলেন মিনি চিড়িয়াখানা। বক্তারা শিল্পী সুলতানের স্বপ্নগুলিকে বাস্তবায়নের প্রতি সকলের প্রতি আহবান জানান।
বন্যার কারনে সুলতান জন্মজয়ন্তীর প্রধান আকর্ষণ চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।
এস এম সুলতান ১৯২৪ সালে ১০ আগস্ট নড়াইল শহরের কাছে মাছিমদিয়া গ্রামে জন্ম নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৩৫৭ ঘ.
bdnews24