ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -শুধু র্যাংগসই নয়, বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে আরও ১১০টি সুউচ্চ ভবন। এ ভবনগুলোর অতিরিক্ত অংশ ভেঙে ফেলার ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে সে ব্যাপারে রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই একটি পর্যালোচনা বৈঠকে বসবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রায় চার বছর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ র্যাংগস ভবনসহ এই ১১১ টি ভবনকে বিমান চলাচলের জন্য ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছিল।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম রশিদুল হাই মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ১১০টি ভবনের তালিকা নিয়ে রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে শিগগিরই একটি বৈঠক করব। এ বৈঠকে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পর্যালোচনা করা হবে এবং কেনো ভবনগুলোর অতিরিক্ত অংশ ভাঙ্গা প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে জানা হবে। পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের চারপাশে ১০ মাইল ( ১৬ দশমিক ১০ কিলোমিটার) ব্যাসার্ধে দেড় শ' ফুট উঁচু অনেক ভবন বিমান ওঠানামার জন্য ঝুঁকিপূর্ণ। এই ব্যাসার্ধের মধ্যে এমনসব ভবন রয়েছে যার উচ্চতা ২৫০ ফুটেরও বেশি।
বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে এরকম একাধিক ভবন রয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও তেজগাঁও পুরাতন বিমান বন্দরের রানওয়ে থেকে এসব ভবনের দূরত্ব তিন কিলোমিটারের মধ্যে। ফলে যে কোন সময়ে বিমান দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন এই কর্মকর্তা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে মিরপুর, তেজগাঁও, গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট ও কারওয়ানবাজারসহ বিমান বন্দরের আশপাশে র্যাংগসসহ ১১১টি ভবন চিহ্নিত করে রাজউক ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
জিয়া আন্তর্জতিক বিমান বন্দরের আশপাশে ১৬ কিলোমিটারের ভেতরে বিমানের ওঠানামার পথের ওপর নির্মিত এই ১১১টি ভবন বিমান খুবই বিপদ জনক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এ কারণে এসব ভবনের বর্ধিত অংশ দ্রুত অপসারণ করা দরকার বলে মনে করে রাজউক।
মন্ত্রণালয় সূত্র জানায়, এসব ভবনের প্রভাবশালী মালিকরা তৎকালীন জোট সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের 'ম্যানেজ' করে এসব ভবন ভাঙার কাজ শুরু করতে দেয়নি রাজউককে। আবার কেউ কেউ আদালতের আশ্রয় নেয়। কিন্তু মামলা নিষ্পত্তিতে তৎকালীন সরকারের কোন তৎপরতা ছিল না।
রাজউক সূত্রে জানা গেছে, ২০০৩ সালের মাঝামাঝিতে এরকম ভবনের অতিরিক্ত তলাগুলো নিজ খরচে ভেঙে ফেলার জন্য মালিকদের নির্দেশ দেয় রাজউক। প্রথমে স্থানভেদে ভবনের উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ৪০ থেকে ১২০ ফুট। পরে তা বাড়িয়ে ১৫০ ফুট করা হয়। কিন্তু কোন ভবন মালিকই এ নির্দেশে সাড়া দেয়নি।
পরবর্তীতে ২০০৪ সালে আগস্ট মাসে দুই সংস্থার সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ভবন মালিকদের নতুন করে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। এতেও কাজ না হওয়ায় মাঠে নামে রাজউক। কিন্তু উত্তরা এলাকায় কয়েকটি পাঁচ তলা ও সাত তলা ভবনের কিছু অংশ ভেঙে ফেলার পরপরই কোন কারণ ছাড়াই রাজউকের অভিযান বন্ধ হয়ে যায়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে আরো জানা গেছে, বিমান ওঠানামা নিরাপদ করতে তাদের বার বার তাগাদা দিয়ে যাচ্ছে দেশি-বিদেশি বিমানসংস্থাগুলো। আর তারা তাগাদা দিয়ে চলেছে রাজউককে।
রাজউক সূত্রে জানা গেছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো হচ্ছে
bdnews24