ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে নেওয়ার পর শনিবার রাতে মোহাম্মদ শাহজাহান নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাহজাহান ও তার এক সহযোগী শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির সময় সে ধরা পড়ে। কর্মচারীরা তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করার পর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শনিবার আদালতে নিলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাগারে নেওয়ার পর হাজতে পাঠানোর আগেই সে অসুস্থ হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/ডিডি/এমএইচবি/০০১৯ ঘ.
bdnews24