ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
১৫ সদস্যের পুনর্গঠিত এ বোর্ডে তথ্য মন্ত্রণালয়ের সচিব সভাপতি ও আগের সেন্সর বোর্ডের সহ সভাপতি কামরুন নাহার সদস্য সচিব হয়েছেন।
এক বছরের জন্য গঠিত সেন্সর বোর্ডের অন্য সদস্য হলেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পদমর্যাদার), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পদমর্যাদার), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পদমর্যাদার), ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক সেলিম আল দীন, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, সারা জাকের, চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এনামুল হক ও চলচ্চিত্র প্রযোজক মাহমুদ হাসান খান।
এ বিষয়ে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সময়ে অশ্লীল ছবিও সেন্সর বোর্ডের অনুমোদন পেয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে দুর্নীতিরও কথা শোনা যায়। আমরা চাইব মানসম্পন্ন ভালো ছবি মুক্তি দিতে। পাশাপাশি সেন্সর বোর্ডে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে।"
বোর্ড সদস্য হিসাবে দেশীয় সংস্কৃতির বিকাশে প্রচেষ্টা চালাবেন বলেও জানান রাহাত খান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/১৭৫১ ঘ.
bdnews24