২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সৎভাইয়ের বাটখারার আঘাতে শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরে রোববার সৎভাইয়ের বাটখারার আঘাতে মারা গেছে চার বছরের শিশু দৃষ্টি আক্তার। দৃষ্টির সৎভাই আবু বকর সিদ্দীক (১১) পুলিশকে জানায়, বাবা-মায়ের শাসনে রেগে গিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 06:11 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে রোববার সৎভাইয়ের বাটখারার আঘাতে মারা গেছে চার বছরের শিশু দৃষ্টি আক্তার। দৃষ্টির সৎভাই আবু বকর সিদ্দীক (১১) পুলিশকে জানায়, বাবা-মায়ের শাসনে রেগে গিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, দৃষ্টির বাবা গেদু মিয়া পিডব্লিউডির কাঠমিস্ত্রী ও মা কোহিনূর বেগম কনিকা গার্মেন্টস কর্মী। তারা মিরপুর ১৩ নম্বর সেকশনের ইমামনগরের পূর্ব বাইশটেকী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। রোববার সকালে দৃষ্টি ও আবু বকরকে বাসায় রেখে কাজে যান তারা। এরপর দুপুর ১২টার দিকে বাড়িওয়ালা শাহ আলম ঘরের ভেতর দৃষ্টিকে রক্তাক্ত অবস্থায় পেয়ে বাবা-মাকে খবর দেন। তারা ফিরে এসে পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাঁচশ গ্রাম ওজনের বাটখারা উদ্ধার করেছে। নিহতের গলায় কালো দাগ ও মাথায় রক্তাক্ত জখম ছিল বলে জানান উপ-পরিদর্শক আশরাফ আলী। এদিকে, কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দীন সালেহ আহমেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু বকর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে বলেছে, সকালে তার বাবা ও সৎমা গালি-গালাজ করায় রাগের বশে সে দৃষ্টিকে গলা টিপে ও বাটখারা দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় কনিকা বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/ এসকে /০০০৫ ঘ.