ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরানা পল্টন ও ফতুল্লায় নকল ঘি ও সরিষার তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে বুধবার বিপুল পরিমাণ নকল ঘি, তেল ও উপকরণ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত ও র্যাব।
অভিযানে ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলার নেতৃত্বে ভ্রম্যামাণ আদালত ২ জনকে কারাদণ্ড দিয়েছে ও জরিমানা করেছে।
ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে ভ্রম্যমাণ আদলত ৬৮/২ পুরানা পল্টনের 'দ্যা ভাইটাল ফুড অ্যান্ড কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান অভিযান চালায়। এসময় ভেজাল ঘি ও সরিষার তেল তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপক আমীর হোসেন এবং কর্মচারী মো. সোহেলকে আটক করা হয়। এদের মধ্যে আমীর হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড এবং সোহেলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে র্যাব-৩ এর একটি দল ফতুল্লার ভূঁইগড়ে একই প্রতিষ্ঠানের প্রধান কারখানায় অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ঘি ও ভেজাল ঘি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
রোকনউদ্দৌলা বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সয়াবিন তেলের সঙ্গে ডালডা ও বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল ঘি তৈরি করে বাজারজাত করে আসছিল, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক।
বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/এএনএস/জেকে/২১০৮ ঘ.
bdnews24