ঢাকা, জুলাই ২৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে উত্তরা মটরসের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানের দায়ের করা মামলায় ব্যারিস্টার নাজমুল হুদাকে তিন দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মীর আলী রেজা দুপুরে নাজমুল হুদার উপস্থিতিতে এ আদেশ দেন। ব্যারিস্টার হুদার আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড শুনানির জন্য সময় চাইলে বিচারক তা নাকচ করেন।
সানাউল্লাহ মিয়া বলেন, "নাজমুল হুদা অসুস্থ। সুস্থ হলে তার রিমান্ড শুনানি করা উচিত।"
মতিউর রহমান বাদী হয়ে গত ৫ জুলাই ধানমণ্ডি থানায় ব্যারিস্টার হুদার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বাদীর কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করলে তিনি এক কোটি টাকা নাজমুল হুদাকে দেন।
ব্যারিস্টার হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক আমীরুল ইসলাম আদালতে সাত দিন রিমান্ড আবেদন করেন।
এদিকে, নাজমুল হুদার বিরুদ্ধে দোহার থানায় দায়ের করা একটি ছিনতাই ও চাঁদাবাজির মামলায় মঙ্গলবার বাদীর সাক্ষ্য নিয়েছে আদালত। সোয়া একটা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা জেলার প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট দেলোয়ারা বেগমের আদালতে সাক্ষ্য দেন বাদী সালাহউদ্দিন। পরে হুদার আইনজীবীরা তাকে আংশিক জেরা করেন। ২৯ জুলাই এই মামলার বাকি সাক্ষ্য নেওয়া হবে।
গত ৬ মার্চ দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, গত বছর ২৮ অক্টোবর দোহার থানার পিছনে নাজমুল হুদার নির্দেশে বিএনপিকর্মীরা বাদী সালাহউদ্দিনের কাছ থেকে চার হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাই ও মারধোর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/টিএইচ/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24