সিলেট, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পূবালী ব্যাংকের দরগাগেট শাখার লকার ভেঙে ১০০ ভরি সোনা লুট হয়েছে। দুইদিন বন্ধ থাকার পর রোববার ব্যাংক খুলে কর্তৃপক্ষ ডাকাতির বিষয়টি জানতে পারে।
এই ঘটনায় ব্যাংকের নৈশ প্রহরী আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা, উপ-পরিদর্শক সাহেদ আহমদ জানান, রোববার সকালে ব্যাংকের ১৮টি লকার ভাঙা দেখে কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। ১০০ ভরি সোনা লুট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোছাদ্দেক চৌধুরী কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, ডাকাতরা ব্যাংকের পেছনের দেওয়ালের একটি অংশ ভেঙে ভেতরে ঢুকে ১৮টি লকার থেকে ১০০ ভরি সোনা নিয়ে গেছে।
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের সময় দেওয়ালের ভাঙা অংশ দেখেছেন বলে উপ-পরিদর্শক সাহেদ আহমদ জানান।
তিনি আরো জানান, পুলিশ ব্যাংকের নৈশপ্রহরী আলাউদ্দিনকে আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24