সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হেদায়েতুল্লাহকে (৫০) গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার ভোরে ধামরাইয়ের বিজয়নগর মহল্লায় হেদায়েতুল্লার বাসার জানালার গ্রিল কেটে ঢুকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটায়। নিহতের ভাই আমিনুর রশিদ এ ঘটনায় আজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি করে রোববার বিকেলে একটি মামলা দায়ের করেছেন।
ধামরাই থানার কর্তব্যরত কর্মকর্তা আব্দুল হক জানান, ভোর চারটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা হেদায়েতউল্লাহর বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। প্রথমে তারা হেদায়েতউল্লাহর মেয়ের জামাই মনির হোসেনের ঘরে যায়। মনির হোসেনের চিৎকারে পাশের ঘর থেকে হেদায়েতউল্লাহ উঠে এলে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বামচোখে গুলিবিদ্ধ হেদায়েতউল্লাহকে ধামরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজ তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেতে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৩টি স্যান্ডেল, ৩টি ছোরা, একটি রেঞ্জ, ১টি করাত, ১টি টর্চ লাইট ও ১টি ক্যাসিও হাতঘড়ি উদ্ধার করেছে।
ঢাকা জেলা সহকারি পুলিশ সুপার মতিউর রহমান জানান, দুর্বৃত্তরা তাকে খুন করার জন্যই এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কোন সূত্র পাওয়া যায়নি। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেছে বলে জানান তিনি ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০৫৮ ঘ.
bdnews24