ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউ কিয়াও থু তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে বাণিজ্য ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
দুপুর ১২টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও মিয়ানমারের রাষ্ট্রদূত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমারের প্রতিনিধি দলটি সোমবার বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ, সীমান্ত বাণিজ্য, চুক্তিভিত্তিক চাষাবাদ, রোহিঙ্গা উদ্বাস্তুদের স্বদেশ প্রত্যাবর্তন, দুই দেশের মধ্যকার জলসীমা নির্ধারণ ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের এপ্রিলে মিয়ানমার সফরে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী যেসব বিষয়ে আলোচনা করে এসেছেন এবারের বৈঠকে সেসব অমিমাংসিত দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান আসতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা বৈঠকে প্রস্তাবিত সরাসরি সড়ক যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হবে। আগামী ২৬ জুলাই মিয়ানমারের সংস্থাপনমন্ত্রী এ বিষয়ে চুক্তি করার জন্য ঢাকা আসবেন।
এছাড়া, চাষাবাদের জন্য মিয়ানমারের জমি বাংলাদেশকে লিজ দেওয়ার প্রস্তাব এবং ২১ হাজার রোহিঙ্গা শরণার্থীর দেশে ফেরার বিষয়টিও আলোচনায় স্থান পাবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২০১২ ঘ.
bdnews24