ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় গোয়েন্দা সংস্থার উপ সহকারি পরিচালক শেখ আতিয়ার রহমানের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরে ন্যাম ফ্ল্যাটের কাছ থেকে কাফরুল পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে শেরে বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আতিয়ার রহমান কর্মস্থল কুষ্টিয়া থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে বৃহস্পতিবার রাত আটটায় ঢাকায় পৌঁছান। কল্যাণপুর পৌঁছে তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ফোনে তিনি স্ত্রীকে জানান, সিএনজি অটো রিক্সায় করে তিনি সবুজবাগে বাসায় ফিরছেন। কিন্তু রাত বারোটার পরও না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়।
কাফরুল পুলিশের ধারণা, অটো রিক্সায় ফেরার সময়ই শেখ আতিয়ার রহমান ছিনতাইকারী বা অজ্ঞানপার্টির কবলে পড়েন। তার গলায় ও শরীরের আরো কয়েক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকালে আতিয়ার রহমানের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুরে ময়না তদন্ত শেষে তার লাশ সবুজবাগ, আহম্মেদবাগের বাসায় নেওয়া হয়।
আতিয়ার রহমানের আত্মীয় রেলওয়ের ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা বিকেল পৌনে চারটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল চারটায় আহম্মেদনগর জামে মসজিদে নামাজে জানাজা শেষে পরিবারের সদস্যরা লাশ নিয়ে দেশের বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আতিয়ার রহমানের মৃত্যুর কারণ সম্পর্কে গোলাম মোস্তফা বলেন, "আমি মর্গে লাশ দেখেছি। তার মাথার ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং দুই কানে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি একটি স্পর্শকাতর সংস্থায় কর্মরত ছিলেন। সে কারণে এটা ছিনতাই না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
এ ব্যাপারে নিহতের ছেলে ফেরদৌস হাসান আশা বাদি হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএম/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24