নাটোর, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২০ বছর পর নাটোরের গুরুদাসপুর থানা লুট ও একজন পুলিশ সিপাহীকে হত্যা সংক্রান্ত দুটি মামলার রায় দেওয়া হয়েছে। রায়ে ৬৬ আসামীর সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ জেবউন-নেসা এই রায় দেন।
মামলাটির তদন্তে তিন বছর, বিচারের জন্য তৈরি হতে তিন বছর এবং বিচার নিষ্পত্তি করতে আরো চৌদ্দ বছর সময় লেগেছে।
থানা লুটের মামলার রায়ে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিস্ফোরক রাখার দায়ে ৬৬ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের দায়ে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ মামলায় উভয়দণ্ড একইসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এছাড়া থানা লুট করতে গিয়ে একজন পুলিশ সিপাহীকে হত্যা করার অভিযোগে অন্য একটি মামলায় ওই ৬৬ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় ৪৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরা হলেন- আনছার আলী, সাইফুল ইসলাম, আজিজ মণ্ডল, ইউনুছ, আবু সাঈদ মোল্লা, আবেদ আলী, হাতেম আলী, মোতালেব, শাজাহান আলী, আব্দুল, লুৎফর রহমান, ঝন্টু, আব্দুল মজিদ, জনিকা জিয়ানি, রইছ, আকরাম আলী, ওমর আলী, লাড্ডু, ইউনুছ, আক্তার হোসেন, মানিক, ইদ্রিস আলী, ইসমাইল হোসেন, বিপুল বশাক, সালাম, আব্দুল মান্নান, রিয়াজ উদ্দিন, খোদা বক্স, রশিদ, মুকুল, মো. সালাম, গোলাম রব্বানি, জালাল, মজিবর রহমান, আলতাফ হোসেন, কাদের, আমজাদ হোসেন, বক্কর মোল্লা, রফিক, ভূলন, নজির হোসেন, নরুল ইসলাম, আব্দুর রহমান, গোলাম ফারুখ, নজরুল ইসলাম ও শাখাওয়াত হোসেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৪ জন পলাতক রয়েছেন। এরা হলেন- সোবহান, জাহাঙ্গির আলম, লালু, আব্দুল লতিফ, কামাল, কবির, আব্দুল কাদের, হামিদুজ্জামান, গোপাল ঠাকুর, শহীদ, ফজলু, সাইফুল, আমিন উদ্দিন ও ইয়াকুব।
এছাড়া বিচার চলাকালে ৬ আসামি মারা গেছেন। এরা হলেন- লিটন, এনামুল, রুস্তম আলী, আব্দুস সাত্তার, আতাহার আলী ও আজগর আলী ।
মামলার বিবরণে বলা হয়, ১৯৮৭ সালের ২৪ ফেব্র"য়ারি বিকেলে অভিযুক্তরা গুরুদাসপুর থানায় হামলা চালায়। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহী হাবিবুর রহমানকে গুলি করে হত্যা করে। পরে অস্ত্রাগার থেকে এসএমজি, এসএলআরসহ ২৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ লুট করে এবং আব্দুস সাত্তারসহ ৩ হাজতিকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার ২০ দিন পর দারোগা ওবায়েদুল হক বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা করেন। তিন বছর ধরে মামলার তদন্ত চলে এবং এই সময়ে গ্রেপ্তাকৃতদের মধ্যে তিনজন অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। তবে পুলিশ লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করতে ব্যার্থ হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের তৎকালীন পুলিশ সুপার নিরঞ্জন চন্দ্র সাহা ১৯৯০ সালের ১৫ নভেম্বর ৭২ জনের বিরুদ্ধে দু'টি পৃথক অভিযোগপত্র দেন। একটি হত্যার অভিযোগে, অন্যটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহণ ও ব্যবহারের অভিযোগে।
অভিযোগপত্র দেওয়ার ৩ বছর পর ১৯৯৩ সালে নাটোরের দায়রা জজ আদালতে মামলাটির বিচার শুরু হয়। থেমে থেমে ১০ বছর ধরে সাক্ষ্য গ্রহণ চলে।
২০০৩ সালের ৩০ এপ্রিল ৪৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর তিন বছর ধরে মামলাটি বিভিন্ন আদালতে ঘুরতে থাকে। এক পর্যায়ে মামলার বিচারক দায়রা জজ মোহাম্মদ নুরুল হক মামলা পরিচালনায় বিব্রত বোধ করেন। অবশেষে বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ জেব-উন নেসা মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই ও আদিল খান সন্তোষ প্রকাশ করে বলেন, দেরিতে হলেও এই রায়ে কূখ্যাত সন্ত্রাসীরা শিক্ষা পাবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মখলেছুর রহমান জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
নাটোরের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, "বিচার বিলম্বিত হওয়ায় ক্ষতিগ্রস্ত পুলিশ পরিবারে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছিল। এই রায়ের মাধ্যমে তার অবসান হলো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২০২৯ ঘ.
bdnews24