ঢাকা, ১৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে আটকের ঘটনাকে 'দুঃখজনক' হিসাবে আখ্যায়িত করেছেন বাম রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে গ্রেফতার না করেও মামলার কাজ চালানো যেতো।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,"আইনকে আইনের গতিতেই চলতে দেওয়া উচিত। শেখ হাসিনাকে যদি দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে গ্রেফতার করা হয় তা হলে আইনী প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। দেশবাসীর কাছে সব তথ্য তুলে ধরতে হবে। আর রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসাবে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়ে থাকলে তা হবে অগণতান্ত্রিক। পুরো দুর্নীতি বিরোধী অভিযানকেই তা প্রশ্নবিদ্ধ করবে।"
শেখ হাসিনাকে গ্রেফতার করার প্রতিক্রিয়ায় ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন,"এই গ্রেফতারের ঘটনা দুর্ভাগ্যজনক। তত্ত্বাবধায়ক সরকারের প থেকে আগেই বলা হয়েছিল যে মামলা থাকলেই কাউকে গ্রেফতার করা হবে না। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে আদালত থেকে তলব করা যেতো। যে পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা দুঃখজনকই নয়, লজ্জাজনকও বটে। নির্বাচন কমিশনের রোডম্যাপ দেওয়ার পরই শেখ হাসিনাকে গ্রেফতারের ঘটনা একটা প্রশ্নের সৃষ্টি করবে। হাসিনার গ্রেফতারের ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করবে। আমরা আশা করি, তত্ত্বাবধায়ক সরকার এই আটকের ব্যাখ্যা দেবে।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন,"শেখ হাসিনাকে গ্রেফতারের ঘটনা দুঃখজনক। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তো আর পালিয়ে যাচ্ছেন না। ওনাকে গ্রেফতার করার দরকার ছিল না। ওনাকে গ্রেফতার না করেই মামলা চালানো যেতো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসি/১০৫৯ ঘ.
bdnews24