ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এদিকে যশোরে গ্রেপ্তার করা হয়েছে জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদি হাসানকে।
আমাদের সাভার প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নেতা ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনকে নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রোববার দুপুরে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদ শেষে বেলা ৩টার সময় তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মাকসুদা বেগম।
এদিকে শনিবার সন্ধ্যায় সাভারের বলিয়ারপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর রহমান (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার থানার উপপরিদর্শক মনিরুজ্জামান।
যশোর প্রতিনিধি জানান, যুবলীগ নেতা মেহেদি হাসানকে রোববার ভোরে জেলা শহরের পুরাতন কসবা এলাকায় তার বাসা থেকে আটক করে যৌথবাহিনী।
পরে সকাল ৯টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24