ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার রাতে গলায় ফাঁস লাগানো এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
হোটেলের নিবন্ধন খাতায় নিহতের নাম পারভীন বেগম (২৫) লেখা রয়েছে। এ ব্যাপারে মতিঝিল থানা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শাহীন মামুন জানান, শুক্রবার রাত ২টার দিকে ২৬৫ ফকিরাপুলের সিলেট বোর্ডিং এর একটি কক্ষ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী তিনি স্বামী আব্দুস সালাম ও তিন বছরের একটি বাচ্চাসহ শুক্রবার হোটেলে ওঠেন। তাদের স্থায়ী ঠিকানা চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিমপাড়া গ্রাম।
শাহীন মামুন জানান, পারভীন বেগমের গলায় শাড়ি প্যাঁচানো ছিল। তার বাচ্চাটিকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। আব্দুস সালামের খোঁজ করছে পুলিশ। সে আদৌ পারভীনের স্বামী কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে পুলিশের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/জেকে/১৮৫৩ ঘ.
bdnews24