২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও কিশোরগঞ্জে দুই গৃহবধূ খুন

কুষ্টিয়া ও কিশোরগঞ্জে দুই গৃহবধূ খুন হয়েছেন। এদিকে জয়পুরহাটে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামে শুক্রবার রাতে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়া ও কিশোরগঞ্জে দুই গৃহবধূ খুন হয়েছেন। এদিকে জয়পুরহাটে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামে শুক্রবার রাতে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছেন। নিহত শামীম আক্তার বেবীর (২৭) বড় ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের দাবি করেছেন, তার বোনকে শ্বশুরবাড়ির লোকরাই হত্যা করেছে। হত্যার আগে বেবীকে ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। এক সন্তানের জননী বেবীর স্বামী আরব আমিরাতে চাকরি করেন। এলাকাবাসী জানায়, রাত পৌনে ১২টার দিকে বেবীর শ্বশুর বাড়ির লোকজনের চিৎকার শুনে তারা ওই বাড়িতে গিয়ে মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, বেবীকে তার শোবার ঘরে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তিনি জানান, বেবীর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য চিহ্ন রয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা, তা ময়নাতদন্ত শেষেই জানা যাবে। এ ঘটনায় হাফিজুর রহমান কোনও আসামীর নাম উল্লেখ না করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বেবীর শ্বশুরবাড়ির গৃহকর্মী জনিকে আটক করেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কুলিয়ারচর উপজেলার ছয়সূত্রি নওগা গ্রামের আঞ্জু আক্তারের (১৯) লাশ শুক্রবার রাতে কুলিয়ারচর হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। যৌতুকের দাবিতে শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, হত্যার পর লাশটি ফেলে যাওয়া হয়। ছয়সূত্রি নওগা গ্রামের রাসেল সিদ্দিকী ওরফে শরীফের সঙ্গে মাত্র তিন মাস আগে আঞ্জুর বিয়ে হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা হলেও কেউ গ্রেপ্তার হননি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুল হকের ছেলে রাজীব (৬) কে শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীবের লাশ বাড়ির শোবার ঘরে পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা হত্যা করেছে তা জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.