২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজ্ঞদের মত: বিচারক নিয়োগে স্বচ্ছতা দরকার

বিচারকদের নিয়ে বিতর্ক এড়াতে সততা, দক্ষতা ও যোগ্যতার মাপকাঠিতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারক নিয়োগ করা প্রয়োজন। এলএলবি সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর পদত্যাগের পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের তিন আইন বিশেষজ্ঞ। এই তিন আইনজ্ঞ হচ্ছেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিচারকদের নিয়ে বিতর্ক এড়াতে সততা, দক্ষতা ও যোগ্যতার মাপকাঠিতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারক নিয়োগ করা প্রয়োজন। এলএলবি সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর পদত্যাগের পর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের তিন আইন বিশেষজ্ঞ। এই তিন আইনজ্ঞ হচ্ছেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষার্থে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি ফয়জীর মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিচারপতি নিয়োগে আরও স্বচ্ছতা থাকতে হবে। সততা, যোগ্যতা, দক্ষতা, মানবাধিকার সচেতনতা, অতীত কর্মকাণ্ড, আচারআচরণসহ সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে বিচারক নিয়োগ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিতর্ক যাতে না হয় সেজন্য বিচারক নিয়োগের ক্ষেত্রে দরকার একটি সঠিক নীতি। সংবিধান সংশোধনা না করেও এজন্য আইন প্রণয়ন করা যায় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাংবিধানিক মূল্যবোধের সব পদ, বিশেষ করে বিচারকের আসনে যারা আসীন থাকেন তারা হচ্ছেন মানুষের শেষ আশ্রয়স্থল। ভয়ভীতি ও অনুরাগ বিরাগের উর্ধ্বে উঠে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সবার জন্য তারা সুবিচারের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান হচ্ছে বিচারকদের ওপর জনগনের আস্থা। এই আস্থা যদি কোন বিচারকের ওপর না থাকে তখনই তার এ পদ থেকে সরে যাওয়া বাঞ্ছনীয়। বিচারপতি ফয়জী যদি তিন বছর আগে পদত্যাগ করতেন তাহলে বিচার বিভাগের ভাবমুর্তি আরও উজ্জ্বল থাকতো। বিচারপতি ফয়জীর পদত্যাগের জন্য জোর দাবি তোলায় দলমত নির্বিশেষে সব আইনজীবীদের প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার আমীর বলেন ''বিচারপতি ফয়জীর পদত্যাগে আইনজীবীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হয়েছে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকাও প্রশংসনীয়। কারণ বিচারপতি ফয়জীর এলএলবির সনদ বাতিলের পর প্রধান বিচারপতি তাকে বেঞ্চ দেননি। তাকে বিচারকাজ থেকে সরিয়ে নেন। প্রধান বিচারপতির সিদ্ধান্তে তার বেতন ভাতা বন্ধ হয়ে যায়।" আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বিচার ব্যবস্থা জনসমর্থিত ও গণতান্ত্রিক নয়। ঔপনিবেশিক আমলের এই বিচার ব্যবস্থার সঙ্গে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচার ব্যবস্থা খাপ খায়না বলেই এই বিতর্ক। হাইকোর্টের বিচারক নিয়ে বিতর্ক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা বিচারক নিয়োগ করেন তারাই সুষ্ঠু বিচার ও ন্যায় বিচারে বিশ্বাস করেন না। তাই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সাবেক অ্যাটর্নি জেনারেল ও কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ গ্রন্থের প্রণেতা মাহমুদুল ইসলাম বলেন, বিচারপতি ফয়জী পদত্যাগ করায় তাকে নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। ভবিষ্যতে বিচারপতি নিয়ে বিতর্ক এড়ানোর জন্য বিচারক নিয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। কেবল আইন বা বিধি মোতাবেক বিচারক নিয়োগ দিলেই বিতর্ক এড়ানো যায় না। সবচেয়ে যোগ্য, দক্ষ ও নিষ্ঠাবান ব্যক্তিকে বিচারক নিয়োগ দিতে হবে। বিচারক নিয়োগে প্রধান বিচারপতির সুপারিশও মানতে হবে। এই সিনিয়র অ্যাডভোকেট আরও বলেন, অতীতে একজন ব্যক্তিকে বিচারক নিয়োগের আগে তার সামগ্রিক বিষয় তদন্ত করে দেখা হতো। পুলিশি তদন্ত হতো। তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করা হতো। যোগ্যতা, দক্ষতা ও সততার বিচার করে নিয়োগ দেওয়া হতো। সরকার এসব বিষয় মেনে বিচারক নিয়োগ দিলে এ ধরনের বিতর্ক ভবিষ্যতে এড়ানো সম্ভব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এটি/এসএম/এমএইচবি/১৯৫৪ ঘ.