ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর তাঁতীবাজার মোড়ে মঙ্গলবার দুপুরে বাসচাপায় এক তরুণীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, রিকশারোহী শিউলি (২৫) ও রিকশা চালক। রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হন শিউলির বাবা আবুল কাশেম (৫০)। তাকে আশংকাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিউলির বাড়ি কেরানীগঞ্জের পূর্ব আগানগরে। তাঁতী বাজারের একটি বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি তারা বাড়ি ফিরছিলেন। শিউলির স্বামী ফারুক হোসেন জিনজিরা সিএম পাইলট স্কুল ও কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁতীবাজার মোড়ে ১০ নম্বর রুটের পার্কলিংক পরিবহনের একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী শিউলি ও আবুল কাশেম রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই রিকশাটির চালক মারা যান।
গুরুতর আহত শিউলি ও তার বাবাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিউলি মারা যান। অবস্থার অবনতি হওয়ায় আশংকজনক অবস্থায় আবুল কাশেমকে স্থানান্তর করা হয় পঙ্গু হাসপাতালে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর রাস্তা বন্ধ হয়ে যায়। অবশ্য ১৫ মিনিটের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ বাস ও এর চালককে আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসএনডি/১৭১৫ ঘ.
bdnews24