মৌলভীবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শ্রীমঙ্গলে গ্রেপ্তারকৃত সাবেক গোয়েন্দা পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
নিজেকে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ নেওয়ার সময় সোমবার রাত ৯টার দিকে মাহাবুবুরকে শহরের স্টেশন রোডের সেবা ফার্মেসি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল থানায় মামলা করেন পৌরশহরের গুহ রোড এলাকার আবদুল্লাহ আল মুত্তাকিন।
এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২ জুলাই মৌলভীবাজারের মোবারকপুরে তার চাচা খালিদ মিয়ার বাড়িতে গিয়ে মাহাবুবুর রহমান নিজেকে ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে একটি মামলার তদন্ত করার কথা বলে ঘুষ দাবি করে। দাবি করা ঘুষের টাকা নিতে গিয়েই মঙ্গলবার ধরা পড়েন মাহবুবুর।
শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) আসলাম ইকবাল জানান, মাহবুবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার 'ক' সার্কেলের উপপরিদর্শক ছিলেন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে চলতি বছরের ফেব্র"য়ারি মাসে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪১ ঘ.
bdnews24