ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সোমবার আরও তিনজন সম্পত্তির হিসাব দিয়েছেন। এরা হলেন- খুলনার সাবেক মেয়র কাজী আমিনুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সহকারী একান্ত সচিব রবিউল আলম মুহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও কুমিল্লার পৌর চেয়ারম্যান মনিরুল ইসলাম সাক্কু।
কমিশন থেকে গত ১ জুলাই তাদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়।
এদিকে সাবেক মন্ত্রী এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খানের সম্পত্তির হিসাব জমা দিতে তাদের প্রতিনিধি সোমবার কমিশনে গেলেও হিসাব জমা নেওয়া হয়নি।
কমিশন সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, তিনজনের হিসাব বিবরণী কমিশন জমা নিয়েছে। তবে তারা কত টাকার হিসাব জমা দিয়েছেন, সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এক প্রশ্নের জবাবে কমিশন সচিব জানান, কমিশন যেভাবে কাজ করছে, তাতে গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার আগেই দুর্নীতিবাজ রাজনীতিকসহ অন্যদের বিচার করা যাবে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া। সরকারে যেই থাকুক না কেন, স্বাধীন কমিশন নিজের মতো করেই কাজ করে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯৪৭ ঘ.
bdnews24