ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইচ্ছা থাকলেও গত ছয়মাসে সরকার পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার তথ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে বর্তমান সরকারের ছয়মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গত ছয়মাসে অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করার ইচ্ছা ছিল আমরা সেভাবে পারিনি। নানা কারণেই তা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
ব্যারিস্টার মইনুল বলেন, "ছয়টি মাস এতো দ্রুত পার হয়ে গেছে যে এ বিষয়ে ভাবারও সময় পাচ্ছি না আমরা। ১১ সদস্যের সরকার নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আর সেনাবাহিনী আমাদের সহায়তা দিচ্ছে।"
তিনি আরো বলেন, "ব্যবসায়ীরা যাতে ভয়ভীতির উর্ধ্বে থেকে ব্যবসা করতে পারেন তার জন্যও আমরা কাজ করছি।"
ছয় মাসে সরকারের সবচে বড় সাফল্য কী- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করা গেছে এটাই বড় সাফল্য।"
তিনি দাবি করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পর জনজীবনে নিরাপত্তা এসেছে। আইন শৃংখলা পরিস্থিতি ভাল হয়েছে। দেশে শান্তি এসেছে। আগে অবস্থা এমন ছিল না। দুর্নীতি মহামারির আকার ধারণ করেছিল। চাঁদাবাজি, ঘুষ, ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই সরকার ওই পরিবেশ থেকে দেশকে বের করে আনতে পেরেছে।
উপদেষ্টা মইনুল বলেন, "এখন রাজনৈতিক সংস্কারের কাজ চলছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি বিধিমালার কারণে গ্রেপ্তার করা দুর্নীতিবাজদের জামিন দেওয়া হচ্ছে না।"
জামিন না দেওয়ার কারণ ব্যাখ্যাা করতে গিয়ে তিনি বলেন, "যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তারা খুবই প্রভাবশালী। তারা অনেক কিছু করতে পারে। আমরা চাই দ্রুত এসব দুর্নীতিবাজদের বিচার হোক। এ কারণেই জামিন দেওয়া বন্ধ রাখা হয়েছে।"
আগামী দিনগুলোর জন্য সরকারের কী কী পরিকল্পনা রয়েছে তা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, "আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা ২০০৮ সালের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এ জন্য নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া ভোটার তালিকা তৈরির কাজও শুরু হয়েছে। এতে সামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করছেন।"
ঘরোয়া রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আমরা আইনগতভাবে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছি। তবে কিছু রাজনৈতিক দল এই মুহূর্তে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে যাক তা চান না।"
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর বিরুদ্ধে শেখ হাসিনার আনা অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মইনুল হোসেন বলেন, "আমরা রাজনৈতিক বিতর্কের জন্য আসিনি। আমরা জনগণের কথা মাথায় রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসেছি। এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।"
রোববার শেখ হাসিনা অভিযোগ করেন, ভয় দেখিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কর্মকর্তারা জবানবন্দি আদায় করছেন। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক দল ভাঙাগড়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/এমএইচবি/১৮৪৮ ঘ.
bdnews24