সাভার, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিন বাজার সেতুর ওপর থেকে শনিবার গভীর রাতে পুলিশ চালবোঝাই একটি ট্রাকসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। ট্রাকটি ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আটক ডাকাতরা হলো মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া গ্রামের নুরুল ইসলাম (৪০), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বেলায়েত মুন্সী (৩২), খুলনা জেলার শিবমনি থানার শাহীন রানা ও শরীয়তপুর জেলার পালং থানার চরতলা গ্রামের শহিদ (২২)।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাভার থানার উপপরিদর্শক নাসিম উদ্দিন জানান, শনিবার রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকা থেকে ৮/১০ জনের একটি ডাকাত দল চালবাহী ট্রাকটি ছিনিয়ে নেয়। ডাকাতরা চালক মিন্টু মিয়া ও তার সহকারী ইশারত আলীকে বেদম পিটিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। পুলিশ খবর পেয়ে আমিন বাজার ব্রিজের উপর থেকে ট্রাকটি আটক করে। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, এর আগে সংঘটিত বিভিন্ন ডাকাতির সঙ্গে আটককৃতরা জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এদিকে, আমিন বাজার ও পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে রাসেল (২৫) ও সোহেল খান (২২) নামের দুই পলাতক আসামিকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৮০৭ ঘ.
bdnews24