চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে দুটি ঘটনায় দুজন মারা গেছেন। এছাড়া আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা।
নগরীর আইস ফ্যাক্টরি সড়কে শনিবার সকালে বিদু্যুৎষ্পৃষ্ট হয়ে রজব আলী (১৭) নামে এক বৈদ্যুতিক মিস্ত্রী মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার কাশিপুরে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক কেশব কুমার জানান, শনিবার সকাল ১১ টার দিকে একটি দোকানে বিদ্যুতের কাজ করার সময় রজব আলী বিদ্যুৎষ্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাটহাজারী উপজেলার মধ্যম বুড়ির চর এলাকায় শনিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা খাতুন (৭৬) নামে একজন।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক শিল্পী রানী জানান, আয়েশা খাতুন দীর্ঘদিন ধরে অপ্রকৃতিস্থ ছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একই উপজেলা সদরের জনৈক খলিলের মুরগির খামারের কর্মচারী মো. তসলিম (৩৫) শুক্রবার রাতে পুকুরে ডুবে মারা যান। রাত দশটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তসলিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্টে।
উপ-পরিদর্শক শিল্পী রানী জানান, তসলিম পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এসএনডি/১৯৩৬ ঘ.
bdnews24