ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে শনিবার প্রথম কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও জ্বরের কারণে তা সম্ভব হয়নি।
সাবিনা ইয়াসমিন রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন। একজন চিকিৎসক জানিয়েছেন, তিনি লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত। প্রথম কেমোথেরাপি দেওয়ার কথা থাকলে তা দেওয়া হচ্ছে না আজ (শনিবার)।
হাসপাতালের কর্মকর্তারা জানান, হঠাৎ করে সাবিনার শরীরের তাপমাত্রা আবার বেড়ে যাওয়ায় কেমোথেরাপি না দেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।
মেডিসিন বিশেষজ্ঞ সিরাজুল হক, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক খাদেমুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন ও অধ্যাপক খাজা নাজিমুদ্দিন এর সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসা করছে।
ল্যাব এইড এর কর্মকর্তা আল ইমরান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শরীরে জ্বর নিয়ে জুন মাসের ১২ তারিখ সাবিনা ইয়াসমিন হাসপাতালে ভর্তি হন। তখন তিনি দ্রুত ওজন হারাচ্ছিলেন। তখনই তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়। চিকিৎকরা তার জ্বরের কারণ নির্ণয় করতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষায় তার প্লীহাতে চিকিৎসকরা সিস্ট এর অস্তিত্ব খুঁজে পান।
অস্ত্রোপাচার করে চিকিৎসকরা তখনই সিস্ট অপসারণ করেন এবং সেটি ক্যান্সারের লক্ষণ কিনা তা জানতে সিস্টের বায়োপসি করান। বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে তার। বিষয়টি নিশ্চিত হতে সুইজারল্যান্ডের একটি হাসপাতাল থেকেও বায়োপসি করানো হয়। সেখানেও একই ফলাফল পাওয়া যায়। তখনই বোঝা গেল তিনি নন হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত।
সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন।
আল ইমরান আরো জানান, "ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় চিকিৎসকরা আশা করছেন কেমোথেরাপি নিলে তার আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা ব্যাপক। তাকে সর্বমোট ৬ বার কেমোথেরাপি দিতে হতে পারে।
"প্রতিটি কেমোথেরাপি দেড় লক্ষ টাকা করে খরচ হবে প্রায় নয় লাখ টাকা। দেশেই এচিকিৎসা সম্ভব। তবে চাইলে তার পরিবার তাকে দেশের বাইরেও নিয়ে যেতে পারে।"
এ বিষয়ে সাবিনা ইয়াসমিনের ভাগ্নে কন্ঠশিল্পী খান আশিকুর রহমান আগুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ল্যাবএইডের চিকিৎসকদের সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছে তাদের তত্ত্বাবধানেই আমরা তার চিকিৎসা চালিয়ে যাবো। আপাতত তাকে বিদেশ নিয়ে যাওয়ার কোন পরিকল্পনা আমাদের নেই। আগামী এক সপ্তাহে তার শারীরিক অবস্থার পরিবর্তন সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেবো তাকে দেশেই রাখা হবে নাকি বিদেশ নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএন/ওমস/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24