২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলে ৫ হাজার কৃষকের বিরুদ্ধে মামলা

নাচোলে উপজেলা পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপারিটেনডেন্ট ইমদাদুল হক বাদী হয়ে মামলাটি করেন বলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাচোলে উপজেলা পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপারিটেনডেন্ট ইমদাদুল হক বাদী হয়ে মামলাটি করেন বলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন। তবে মামলায় সুনির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেপ্তারও হননি। এদিকে বৃহস্পতিবার সকালে নাচোল উপজেলা পরিষদ চত্বরে কয়েকজন কৃষক সারের জন্য টোকেন নিতে এসে মামলার কথা শুনে আতঙ্কিত হয়ে উপজেলা পরিষদ চত্বর ছেড়ে চলে যেতে থাকেন। নাচোলের বিভিন্ন এলাকায় নির্ধারিত সার ডিলারদের দোকানের সামনে অন্যান্য দিনের মতো কৃষকদের লম্বা সারিও দেখা যায়নি। সার্বিক বিষয় জানতে রাজশাহী বিভাগীয় কমিশনার শফিউল আলম বৃহস্পতিবার নাচোল আসেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ইউএনও মনজুর মোরশেদের সাথে চল্লিশ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, সরকারের সঙ্গে বিভাগীয় কমিশনারের কথা হয়েছে। প্রকৃত সমস্যা কি তা তিনি সরকারকে জানাবেন। নাচোলের ঘটনায় সরকারও একটি তদন্ত কমিটি করার কথা ভাবছে বলে জানান মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আরও জানান, বুধবারের ঘটনার তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন দ্রুতই জমা দেওয়া হবে। ইউএনও মনজুর মোরশেদ সাত দিন ছুটি নিয়েছেন বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা-কর্মচারী বুধবারের ঘটনার জন্য ইউএনও মনজুর মোরশেদের দুর্ব্যবহার ও একগুঁয়েমিকে দায়ী করেছেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নাচোলে ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে এ বছর আউশ ধানের আবাদ হচ্ছে। জুলাই মাসে ১ হাজার ৭৯৫ মেট্রিক টন সারের চাহিদা রয়েছে। প্রথম পাঁচ দিনে বরাদ্দ পাওয়া গেছে ৩৮২ মেট্রিক টন। উপজেলায় সারের সঙ্কট নেই বলে তিনি দাবি করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, সঙ্কট আছে বলেই নাচোলে এমন ঘটনা ঘটেছে। নাচোলের কৃষকরা মামলা প্রত্যাহার ও ইউএনও অপসারণ দাবি করেছেন। বৃহস্পতিবার টোকেন নিতে আসা কসবা ইউনিয়নের উজিরপুরের আব্দুল মানিক, আয়েশউদ্দিন, বিজলি পাড়ার আমির আলী, কসবা গ্রামের রেজাউল ও নাজিবুর জানান, আউশ ধান রোপণের পর তারা মাত্র ১৫ কেজি করে সার পেয়েছেন। তারা জানান, এখন বিঘা প্রতি ১০ কেজি করে আবার সার দিয়ে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি স্বীকার করে ওই এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, এখন ১০ কেজি সারের টোকেন দেওয়া হচ্ছে। ১৫ জুলাইয়ের পর আসলে আর সারের প্রয়োজন নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২২ ঘ.