ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে মোট ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম ১০টি ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সরকার এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ২ টাকা ৪৯ পয়সা ও সর্বনিম্ন ২ টাকা ২৮ পয়সা ইউনিট হারে বিদ্যুৎ কিনবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির সভায় এই ১০টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া ওই সভায় হজ ফ্লাইটের জন্য পুকেট এয়ারলাইন্সের দুটি বিমান ভাড়া নেওয়াসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সভায় সাতটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। ফসফেট আমদানির একটি প্রস্তাব ছাড়া বাকি ছয়টি প্রস্তাবই অনুমোদন করা হয়েছে।"
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে বেসরকারি পর্যায়ে দশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এর আগেও এ ধরনের একটি প্রস্তাব এসেছিল। তবে নানা অনিয়মের কারণে সেটি বাতিল করা হয়। এরপর নতুন করে দরপত্র ডাকা হলে ৩৭টি প্রস্তাব জমা পড়ে। এগুলো থেকেই দশটি চূড়ান্ত করা হয়েছে।
বর্তমান প্রস্তাবটি বাতিল করে দেওয়া আগের প্রস্তাবের তুলনায় সাশ্রয়ী মন্তব্য করে উপদেষ্টা বলেন, "এতে সরকারের ৪১১ কোটি টাকা সাশ্রয় হবে।"
অনুমোদন পাওয়া ১০টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কুমিল্লার জাঙ্গালিয়ায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের অনুমতি পেয়েছে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন। সরকার এ প্রতিষ্ঠানের কাছ থেকে ইউনিট প্রতি ২ টাকা ৩৮ পয়সা হারে বিদ্যুৎ কিনবে।
গাজীপুরের মাওনায় সামিট পাওয়ার লিমিটেডের ২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা হবে প্রতি ইউনিট ২ টাকা ৩৯ পয়সা হারে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন স্থাপন করবে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম আরেকটি কেন্দ্র। তাদের কাছ থেকে সরকার বিদ্যুৎ কিনবে ইউনিট প্রতি ২ টাকা ৩৮ পয়সা হারে।
ফেনীতে এশিয়ানটেক পাওয়ার করপোরেশন স্থাপন করবে ২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র। তারা প্রতি ইউনিট বিদ্যুৎ ২ টাকা ২৮ পয়সা হারে বিক্রি করবে।
এছাড়া চট্টগ্রামের বারবকুণ্ডে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ টাকা ৩২ পয়সা হারে, টাঙ্গাইলে এশিয়ানটেক পাওয়ার করপোরেশনের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ টাকা ২৮ পয়সা হারে, নরসিংদীতে এশিয়ানটেকের ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২ টাকা ২৮ পয়সা, উল্লাপাড়ায় সামিট পাওয়ার লিমিটেডের ১০ মেগাওয়াট কেন্দ্র থেকে ২ টাকা ৪৯ পয়সা, সিলেটের হবিগঞ্জে এনার্জিপ্যাকের ১০ মেগাওয়াটের কেন্দ্র থেকে ২ টাকা ৪৯ পয়সা এবং মহিপালে সায়হাম পাওয়ারের ১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট ২ টাকা ৪৭ পয়সা হারে বিদ্যুৎ কিনবে সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/এমএইচবি/১৮৫৩ ঘ.
bdnews24