২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে চিকিৎসাধীন সাকা চৌধুরীর হার্ট অ্যাটাক

ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রোববার সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয়েছে বলে তার ছেলে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 04:51 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রোববার সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয়েছে বলে তার ছেলে জানিয়েছেন। তাকে কার্ডিয়াক সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। অধ্যাপক মকসিমুল হকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী রাত পৌনে ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি জানতে পেরেছি বাবার হার্ট অ্যাটাক করেছে। তিনি সিসিইউতে আছেন। এর বেশি কিছু আমরা জানি না। কারণ তিনি বর্তমানে কারাবন্দি।" হাসপাতালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে ফিরে রাত পৌনে ১০টায় কারা উপ--মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তচাপ বর্তমানে কম এবং ইসিজির রিডিংও খারাপ। এ ছাড়া তার ফুসফুসেও পানি জমেছে।" তিনি জানান, রাত ১১ টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্তের কয়েকটি পরীক্ষা করা হবে এবং তার চিকিৎসার জন্য আগামীকাল (সোমবার) একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। দুই মাস আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে বারডেম কার্ডিয়াক সেন্টারে ভর্তি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এমএইচবি/২২২৮ ঘ.