২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রেলক্রসিংয়ে ওভার পাস তৈরির পরিকল্পনা

ট্রেন যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ের (রেলগেট) গেট বন্ধ করার কারণে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে ঢাকার রাস্তায় যানজট আরও প্রকট আকার নেয়। এ সমস্যা দূর করতে ক্রসিংগুলোর ওপর দিয়ে যান পারাপারের জন্য 'ওভার পাস' বানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 07:21 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ট্রেন যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ের (রেলগেট) গেট বন্ধ করার কারণে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে ঢাকার রাস্তায় যানজট আরও প্রকট আকার নেয়। এ সমস্যা দূর করতে ক্রসিংগুলোর ওপর দিয়ে যান পারাপারের জন্য 'ওভার পাস' বানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানজট নিরসনে রাজধানী ঢাকার সব লেভেল ক্রসিং এলাকায় পর্যায়ক্রমে ওভার পাস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে এয়ারপোর্ট রোডে ওভার পাস তৈরি করা হবে। এতে ইতিবাচক ফলাফল আসলে বাকিগুলোতে হাত দেওয়া হবে।" বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। উপদেষ্টা আরও বলেন, "ট্রেন চলাচলের জন্য এয়ারপোর্ট রোডে দিনে ২৮ বার রেলগেট নামানো হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আর সারা ঢাকায় বিভিন্ন ক্রসিংয়ে দিনে ৭৮ বার রেলগেট নামানো হয়।" যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরা পর্যন্ত মোট ২০টি লেভেল ক্রসিং (রেলগেট) রয়েছে। ওই লাইনে প্রতিদিন মোট ৭২টি ট্রেন চলাচল করে। নিরাপত্তার জন্য একটি ট্রেন যাওয়ার সময় প্রতিবারই লেভেল ক্রসিং এর গেট বন্ধ রাখতে হয়। প্রতিবার গড়ে পাঁচ মিনিট গেট বন্ধ থাকে। এতে মোট ৩৬০ মিনিট বা ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে আশেপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে। সৃষ্টি হয় যানজট। ট্রাফিক সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি যানজট হয় সকাল সাড়ে সাতটা থেকে নয়টা এবং বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। সকালে অফিসগামী যাত্রী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অফিস ফেরত মানুষ আর বিভিন্ন বিপণিবিতানে কেনাকাটা করতে আসা নগরবাসীর ভোগান্তি বাড়ে সন্ধ্যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম / ইএইচবি- এএইচডি/এমএইচবি/০১০৫ ঘ.