পটুয়াখালী, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী-২(বাউফল) আসনের সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালী বিশেষ আদালতের বিচারক এ বি এম সাজেদুর রহমানের আদালতে মামলার ২৪ সাক্ষীর মধ্যে পাঁচ জন সাক্ষ্য দেন। এরা হলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, আজাহার হাওলাদার, মো. ইসমাইল সিকদার ও মো. ধলু খা।
পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আগামী ১ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ১৬ ফেব্র"য়ারি বাউফলের নাজিরপুর এলাকায় সাবেক সাংসদের বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের দুটি ম্যাগজিন, বিপুল পরিমাণ ত্রাণের শাড়ি, লুঙ্গি ও ক্রীড়া সামগ্রী উদ্ধার করে যৌথবাহিনী।
পরদিন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন। ১৭ জুন শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। ওই দিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
জরুরি অবস্থা জারির পর থেকেই সাবেক এ সাংসদ পলাতক রয়েছেন। তবে শহিদুল আলমের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.
bdnews24