২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক চাঁদাবাজি ও হত্যা মামলা বিএনপির তিন সাবেক সাংসদের বিরুদ্ধে

সাভারে সাবেক বিএনপি সাংসদ ডা. দেওয়ান সালাহদ্দিন আহমদ বাবু এবং পাবনায় বিএনপির সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গত দুদিনে দুটি পৃথক চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ফেনীর সাবেক বিএনপি সাংসদ মোশাররফ হোসেনসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 07:35 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারে সাবেক বিএনপি সাংসদ ডা. দেওয়ান সালাহদ্দিন আহমদ বাবু এবং পাবনায় বিএনপির সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে গত দুদিনে দুটি পৃথক চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ফেনীর সাবেক বিএনপি সাংসদ মোশাররফ হোসেনসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি জানিয়েছেন, ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে রোববার রাতে সাভার থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন সাভার পৌর এলাকার দক্ষিণ পাড়া মহল্লার আবদুর রশিদের ছেলে ভেন্ডার এ কে এম আজাদুর রশিদ। বাদি অভিযোগে বলেন, ২০০৫ সালের ১ জুলাই বিকেলে পৌর এলাকার বক্তারপুর মহল্লায় তার বাড়ি দখলের চেষ্টা চালায় ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু, তার সহযোগী জলিল মুন্সী, আবুল হোসেন মোল্লা, আমজাদ হোসেন মোল্লা, আবু মোল্লা ও জব্বর আলী। দখলে ব্যর্থ হয়ে পরে তারা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেয়। সাভার থানার উপ--পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ জানান, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাবনা প্রতিনিধি জানান, সোমবার পাবনা-৩ আসনের সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন ভাঙ্গুড়া উপজেলার মসজিদ পাড়া গ্রামের বিএনপি নেতা ওয়ারেছ আলী। পাবনার আমলি আদালত-২ এ মামলাটি করা হয়েছে। মামলায় তার স্ত্রী সিদ্দিকা আনোয়ার এবং খন্দকার রেজাউল করিম নামে আরও দুজনকেও আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের উদ্দেশ্যে সার্কাস পরিচালনার জন্য আনোয়ারুল ইসলামের সুপারিশ নিতে গেলে তিনি তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ২৫ জুলাই ২০০৬ তারিখে ওই তিন জন বাদির কাছ থেকে দুই লাখ ৭১ হাজার টাকা চাঁদা নিয়েও সার্কাস আয়োজনের ব্যবস্থা করতে পারেননি। এতে বাদির পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। পাবনার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, বিচারক মামলাটি গ্রহণ করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমাদের ফেনী প্রতিনিধি জানান, ফেনী-৩ আসনের সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেনসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার হত্যা মামলা দায়ের করেছেন আট বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত সোনাগাজীর আওয়ামী লীগ নেতা সফিউল্ল্যাহর ছেলে দিদারুল আলম। ফেনীর ২ নম্বর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বিবরণে বলা হয়, ২০০১ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সফিউল্ল্যাহকে একদল সন্ত্রাসী সুলতানপুরের বাড়ি থেকে ধরে এনে নবাবপরি সেতুর কাছে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে এই আসামিরা জড়িত ছিলেন। বিচারক মামলাটি গ্রহণ করে সোনাগাজী থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মামলাটি হাতে এসে পৌঁছেছে। শিগগিরই তদন্ত শুরু করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এমএআর/এমএইচবি/০১২২ ঘ.