২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন কর্মকর্তার আত্মসমর্পণ, সিলেট কর্মকর্তা গ্রেপ্তার

বন বিভাগের সন্দেহভাজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের দ্বিতীয় দিনে সোমবার চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা ও উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেছেন। অন্যদিকে সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সিলেটে তার কার্যালয় ও বাসায় অভিযানের পর তার ঢাকার বাসায়ও অভিযান চলছে। এছাড়া আগেরদিন গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। (আরো তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন বিভাগের সন্দেহভাজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানের দ্বিতীয় দিনে সোমবার চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা ও উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসান পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেছেন। অন্যদিকে সিলেট বিভাগীয় বন সংরক্ষক লস্কর মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সিলেটে তার কার্যালয় ও বাসায় অভিযানের পর তার ঢাকার বাসায়ও অভিযান চলছে। এছাড়া আগেরদিন গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। (আরো তথ্যসহ-৫) গত রোববার গ্রেপ্তার হওয়া সুন্দরবন বিভাগীয় বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার খুলনা মহানগর হাকিম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ আজিজুল হক ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আবার খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয় তাকে। রবিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত বন বিভাগের কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া শামসুল আজম ও আলী কবির হায়দারকে রিমান্ডে নিয়েছে যথাক্রমে যাত্রাবাড়ি ও সূত্রাপুর থানা পুলিশ। এ দুজনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক এনায়েতুর রহমান এবং সূত্রাপুর থানার উপপরিদর্শক নাসিরউদ্দিন তাদের সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার পাঁচদিন করে রিমান্ড অনুমোদন করেন। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসপি) শরিফুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা ও উপ-সহকারী বন সংরক্ষক দেওয়ান জাফরুল হাসানকে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে জাফরুল হাসান জানিয়েছেন তিনি বিভিন্ন সময় প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে ঘুষ দিতেন। এদিকে সোমবার ষোলশহরে বন্যপ্রাণী সংরক্ষক তপন কুমার দে'র কার্যালয়ে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। সেখান থেকে ১৮ লাখ টাকাসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, বিকেল চারটার দিকে শ্রীমঙ্গলের চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) রেস্ট হাউস থেকে র‌্যাব-৯ গ্রেপ্তার করেছে সিলেট বিভাগীয় বনসংরক্ষক লস্কর মাকসুদুর রহমানকে। গ্রেপ্তারের পর লস্কর মাকসুদুরকে সিলেটের র‌্যাব-৯ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। যৌথবাহিনী সূত্র জানায়,তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপ--পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন আহমেদ বলেন, মাকসুদুর রহমানের সিলেটের সরকারি বাসভবনে তল্লাশি করে পাওয়া গেছে কিছু ফাইল এবং বেশ কয়েকটি সিডি। সিডিগুলো পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে যৌথবাহিনীর সদস্যরা সোমবার সিলেটে গ্রেপ্তারকৃত বন কর্মকর্তা লস্কর মাকসুদুর রহমানের ঢাকার বাসায় অভিযান চালিয়েছে। ৬/ডি তোপখানা সড়কের নকশী টাওয়ারের ৪/ডি নাম্বার ফ্লাটে মাসুদুর রহমান স্বপরিবারে বসবাস করেন। বহুতল ওই অ্যাপার্টমেন্ট ভবনটির নিরাপত্তা প্রহরী নূর আহম্মেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যৌথবাহিনীর সদস্যরা বিকেল পৌনে পাঁচটার দিকে ভবনটি ঘিরে ফেলে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। রোববার বনবিভাগের সন্দেহভাজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার করতে দেশের কয়েক স্থানে অভিযান শুরু করে যৌথবাহিনী। আলী কবির হায়দার ও শামসুল আজমকে ছাড়াও গ্রেপ্তার করা করা হয় খুলনা বিভাগীয় বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে। মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, সুন্দরবনের বিভিন্ন স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে খুলনা জেলার বয়রায় বন সংরক্ষকের সরকারি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মিজানুর রহমানকে। তার বাসায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালায় যৌথবাহিনী সদস্যরা। দুর্নীতি দমন কমিশন সুন্দরবন অঞ্চলের যে ১১ জন বন কর্মকর্তাকে জুনের ২০ তারিখের মধ্যে সম্পত্তির হিসাব দিতে বলেছিল, মিজানুর রহমান তাদের অন্যতম। মিজানুর রহমানের বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ তিন লাখ টাকা, ৪০০ ডলার, কিছু যৌন উত্তেজক ট্যাবলেট এবং একটি আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার করে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বন বিভাগের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোপর্দ করা হয় খালিশপুর থানায়। এর আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয় তাকে। তখন মিজানুর রহমান জানান, তার আলমারি থেকে যে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে, তা তার বেতনের অর্থ এবং ডলারগুলো তিনি বিদেশে থাকার সময় জমিয়েছিলেন। তবে আয় ও সঞ্চিত অর্থের অসঙ্গতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি নিশ্চুপ ছিলেন। যৌন উত্তেজক ট্যাবলেটের বিষয়েও মুখ খোলেননি অবিবাহিত এ বন কর্মকর্তা। মিজানুর রহমান জানান, দুর্নীতি দমন কমিশনে নগদ ৯ লাখ টাকার হিসাব দাখিল করেছেন তিনি। ওই টাকা খুলনার দুটি ব্যাংকে রয়েছে। খুলনার দাকোপে তার ৪০ বিঘা মৎস্য ঘের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ওই ঘের তার ভাইয়ের। রোববার সুন্দরবন (পশ্চিম) বিভাগের ভ্রমণসহকারী ইউনুস আলী ও বোটম্যান পল্টু তালুকদারকেও আটক করে খালিশপুর থানায় জিজ্ঞাসাবাদ শুরু করে যৌথবাহিনী। তবে পরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে আবার আসবেন -- এমন অঙ্গীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তারা। ঢাকায় গ্রেপ্তার করা আলী কবীরকে নিয়ে যৌথবাহিনীর সদস্যরা রোববার বিকেল চারটার দিকে তার ১৭ র‌্যাংকিন স্ট্রিট, ওয়ারির বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৩০ লাখ টাকার ব্যাংক হিসাবের কাগজপত্র জব্দ করা হয়। পরে রাত ১০ টার দিকে ধোলাইপাড়ে তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা জব্দ করে। এছাড়া তার কাছ থেকে ছয়টি মোবাইল এবং দেশি-বিদেশি একাধিক পাসপোর্টও পাওয়া গেছে। শামসুল আজমের বিরুদ্ধে ১৯৮৫ সাল থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সুন্দরবনসহ বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় কাঠ পাচার, পাচারকারী চক্রের কাছ থেকে ঘুষ নেওয়া ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/আরএ/এসি/এসএইচ/এমএইচবি/২১৫৯ ঘ.