পঞ্চগড়, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে মাঝিপাড়ায় কালভার্ট দেবে যাওয়ায় পঞ্চগড়ের সঙ্গে তেঁতুলিয়ার সড়ক যোগায়োগ গত ৫ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে মালামাল আনা নেয়াও বন্ধ রয়েছে। স্থলবন্দরের উভয়পাশে বেশকিছু পণ্যবাহি যানবাহন আটকা পড়ে আছে। তবে, শনিবার থেকে ওই স্থানে একটি বেইলি ব্রিজ স্থাপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয়রা জানান, গত ১৯ জুন প্রবল বর্ষণে মাঝিপাড়া কালভার্টটি দেবে যায় এবং কালভার্টের পাশের মাটি সরে যায়। এতে পঞ্চগড়ের সঙ্গে তেঁতুলিয়ার সড়ক যোগাযোগ ওইদিনই বন্ধ হয়ে যায়। গত ৫ দিন ধরে জরুরি প্রয়োজন হলে লোকজন ঝুঁকি নিয়ে বিকল্প পথে হেঁটে অথবা রিক্সাভ্যানে চলাচল করেছেন।
এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পণ্যবাহি কোনো যানবাহন বাংলাবান্ধা স্থলবন্দরে যেতে বা আসতে পারছে না। ফলে স্থলবন্দরের উভয়দিকে বেশ কিছু পণ্যবাহি যানবাহন আটকা পড়ে আছে। ব্যবসায়ীরা প্রথম দিন শালবাহান হয়ে বিকল্প পথে ছোটখাট মালামাল আনা-নেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসির আপত্তির কারণে বর্তমানে তাও বন্ধ রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের দায়িত্বরত শুল্ক কর্মকর্তা শেখ খেলাফত হোসেন জানান, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ৫ দিন ধরে বন্দরের কাজও বন্ধ রয়েছে। তিনি বলেন, বন্দর সচল করার জন্য যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করা দরকার।
স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট শুভ এজেন্সির শফিকুর রহমান জানান, কোনোভাবেই মালামাল আনা নেওয়া করা যাচ্ছে না। ৫ দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সিএন্ডএফ এজেন্টরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন।
তিনি দাবি করেন, সীমান্তের দুই পারে অর্ধশতাধিক পণ্যবাহি যানবাহন আটকা পড়েছে।
ভজনপুর বাজারের আব্দুল খালেক, তেঁতুলিযার আব্দুর রহমান ও বাংলাবান্ধার খোরশেদ আলম অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের কাজের ধীরগতির কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রোগী ও মহিলাদের পারাপারে সবচে বেশি অসুবিধা হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেকে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে পঞ্চগড়ে যাতায়াত করছেন।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী গফফারউদ্দিন মোল্লা জানান, মাঝিপাড়ার কালভার্টটি দেবে যেতে পারে এই আশঙ্কায় সওজ বছরখানেক আগেই টেন্ডার ডেকেছিল। কিন্তু বরাদ্দ না পাওয়ায় ঠিকাদার তখন কাজ শুরু করেননি। কালভার্ট দেবে যাওয়ায় পর ওইদিন থেকেই বিকল্প পথ তৈরির চেষ্টা করেছে সওজ। কিন্তু নতুন পথ টেকসই হবে না এই আশঙ্কায় শেষ পর্যন্ত বেইলি ব্রিজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, "বেইলি ব্রিজের মালামাল চলে এসেছে। শনিবার ব্রিজ স্থাপনের কাজও শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রিজের কাজ শেষ করে সড়ক যোগাযোগ চালুর চেষ্টা চলছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮৩২ ঘ.
bdnews24