সিলেট, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাওয়াত খেতে এসে রাজনৈতিক আলোচনা করার অভিযোগে আটক যুক্তরাজ্য ও সিলেট আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর মধ্যে বর্তমানে কারাবন্দী ১৪ জনকে ৩ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের অধ্যক্ষ মনির হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আটকাদেশ সংক্রান্ত কাগজপত্র বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
গত ১৪ এপ্রিল সিলেটের খাদিমনগরে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ভাতিজার বাসায় ১০ জন প্রবাসী আওয়ামী লীগ নেতাসহ সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতাকর্মীকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে পরে তাদের কারাগারে পাঠানো হয়।
গত ৬ মে উচ্চ আদালতে কারাবন্দী ৪০ নেতাকর্মীর জামিন হয়। ৮ মে প্রবাসী ৯ নেতাসহ ২৫ জন জামিনে মুক্তি পান। ১৪ জনকে এক মাসের আটকাদেশ দিয়ে আবার কারাগারে পাঠানো হয় এবং একজনকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার তিন মাসের আটকাদেশ পাওয়া নেতাকর্মীদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, ওয়ার্ড কমিশনার আবদুল খালিক, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জগলু চৌধুরী, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম টিপ, জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক শামসুল ইসলাম মিলন, মহানগর ছাত্রলীগ সদস্য ইউসুফ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান, ছাত্রলীগ নেতা সেলিম রেজা রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২১৫ ঘ.
bdnews24