খুলনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থেই পাট শিল্পকে রক্ষা করতে হবে। খুলনা অঞ্চলের পাটকলগুলো রক্ষায় ৬০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এর পাশাপাশি কলগুলো সংস্কার করে সেনাবাহিনী বা দক্ষ ব্যক্তিদের ব্যবস্থাপনায় তা চালাতে হবে।
বুধবার নগরীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ অভিমত প্রকাশ করা হয়। 'পাটশিল্প ও পাট শ্রমিকদের রক্ষায় করণীয়' শীর্ষক ওই আলোচনা আয়োজন করে বেসরকারি সংস্থা রূপায়ন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মজীবী নারী এর কর্মসূচি সংগঠক মারুফিয়া নূর শিফা।
এতে পাট শিল্প রক্ষায় মিলগুলোর আমূল সংস্কার, এ খাতে দুর্নীতিতে জড়িতদের শাস্তি, খুলনার আন্দোলনকারী পাটকল শ্রমিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।
অ্যাডভোকেট ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজমুদ্দিন আহমেদ, ড. সালেকুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, লোকমান হাকিম, ওয়াহিদুর রহমান, জাফর ইমাম, শেখ আশরাফ উজ্জামান, রুমা খাতুন, শেখ আ. জলিল প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫২ ঘ.
bdnews24