২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন মীর নাছির, মীর হেলাল ও লবী

সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি নেতা মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন এবং সাবেক সাংসদ আলী আসগর লবী আদালতের কাছে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বুধবার সংসদ ভবনের ভিন্ন দুটি বিশেষ জজ আদালত আগামী ২৫ জুন মামলার যুক্তিতর্কের শুনানীর জন্য দিন ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী, বিএনপি নেতা মীর মো. নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন এবং সাবেক সাংসদ আলী আসগর লবী আদালতের কাছে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। বুধবার সংসদ ভবনের ভিন্ন দুটি বিশেষ জজ আদালত আগামী ২৫ জুন মামলার যুক্তিতর্কের শুনানীর জন্য দিন ধার্য করেছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে মীর নাছির ও মীর হেলাল ৩৪২ ধারায় জবানবন্দিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আদালতের কাছে লিখিত জবানবন্দিতে মীর নাছির বলেন, "আমার ৫৬ বছরের জীবনে এর আগে থানায় একটি সাধারণ ডায়েরিও হয়নি। জুডিশিয়াল অফিসার থেকে শুরু করে আইনজীবি, রাষ্ট্রদূত, মেয়র এবং মন্ত্রী হয়েছি। কোনো দিন কারো কাছ থেকে একটি টাকাও নিইনি। রাজনৈতিকভাবে হয়রানী করার জন্যই আজ আমাকে আসামীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।" তার ছেলে মীর হেলালও একইভাবে লিখিত জবানবন্দিতে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে সকাল সাড়ে নয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে মীর নাছির ও তার ছেলে মীর হেলালকে আদালতে আনা হয়। গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শারমীন ফেরদৌসী বাদী হয়ে গুলশান থানায় মীর নাছির উদ্দিন ও মীর হেলালের বিরুদ্ধে ঘোষিত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এদিকে বুধবার বিকেলে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দীনের আদালতে ৩৪২ ধারায় জবানবন্দীতে সাবেক বিএনপি সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগার লবী কর ফাঁকির মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত আগামী ২৫ জুন যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। লিখিত জবানবন্দিতে লবী বলেন, "আমার বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। রূপসা ওভারসিজের এমডি থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা ছিল। ওটা একটা লিমিডেট কোম্পানি।" গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকার বিনিয়োগে প্রযোজ্য প্রায় সাড়ে চার কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসি/১৮২২ ঘ.