ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া দুজন হলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. নুরুন্নবী এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ সুরাইয়া বেগম।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে।
গত ১৭ জুন পিএসসির চার সদস্য অধ্যাপক এ কে এম শাহাদত হোসেন মন্ডল, লতিফুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক ও আনোয়ারুল হক পদত্যাগ করেন।
এর আগে ১৪ জুন পদত্যাগ করেছিলেন অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী। সাংবিধানিক এ প্রতিষ্ঠানের আরেক সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান পলাতক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তার সম্পত্তির হিসাব চেয়েছে।
বিগত জোট সরকারের আমলে চারটি বিসিএস নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগ উঠে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক জেডএন তাহমিনা বেগমের মেয়াদ শেষ হলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. সাদত হোসাইনকে গত ৭ মে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
ড. সাদত হোসাইন নিয়োগ পাওয়ার পর ২৭ তম বিসিএস মৌখিক পরীক্ষা বাতিল করতে পিএসসির পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়। গত ৩০ মে সরকার তাতে অনুমোদন দেওয়ায় এখন নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসি/১৬২০ ঘ.
bdnews24