বরিশাল, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে ঢাকার রাপা প্লাজায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব সদস্যরা গৌরনদী থেকে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় দেড় কেজি স্বর্ণালঙ্কারসহ ১ লাখ টাকার বৈদেশিক মুদ্রা।
গ্রেপ্তারকৃতরা হলেন, গ্যারাকুল গ্রামের ওমর আলী সরদারের ছেলে ফারুক হোসেন সরদার (৩৬) এবং দিয়াসুর গ্রামের মৃত মালেক মৃধার ছেলে হেলাল উদ্দিন মৃধা (৩৫)।
জিজ্ঞাসাবাদে তারা রাপা প্লাজা ছাড়াও মোহাম্মদপুরের শাহজাহান মার্কেট এবং ধানমন্ডি এলাকার বিভিন্ন বাসায় ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ।
তিনি বলেন, "এরা একটি বড় চক্রের সদস্য। এদের দলে ৩০ থেকে ৪০ জন রয়েছে। তারা বিভিন্ন মার্কেটে নিরাপত্তা রক্ষীর চাকরি নিয়ে পরে সুযোগ বুঝে ডাকাতি করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।"
র্যাব সদস্যরা তাদের বাড়ি থেকে দেড় কেজি (১৩৫ ভরি) ওজনের স্বর্ণালঙ্কার, দেড় কেজি রুপার গহনা, ১ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, ৪ লাখ টাকার জমির দলিল, ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, ১ লাখ ২২ হাজার টাকার চেক, তিনটি মোবাইল সেট, চারটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে।
র্যাব-৮ এর কর্মকর্তা ক্যাপ্টেন মনছুর ভূঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, গ্রেপ্তার হওয়া সবাইকে গৌরনদী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১৬ ঘ.
bdnews24