২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে ওয়াসার পরিদর্শক গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে পানি ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) রাজস্ব বিভাগের পরিদর্শক মো. লুৎফর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 07:31 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘুষ নেওয়ার অভিযোগে পানি ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) রাজস্ব বিভাগের পরিদর্শক মো. লুৎফর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পুলিশ বলেছে সোমবার দুপুরে ঘুষ নেওয়ার সময় তাকে ফকিরাপুল পানির ট্যাংক সংলগ্ন ওয়াসার রাজস্ব শাখার কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, ওয়াসা কর্মকর্তারা পানির বিল নিয়ে উত্তর শাহজাহানপুরের বাসিন্দা অভিবাসন কর্মকর্তা মশিউর রহমানকে গত মাস খানেক ধরে হয়রানি করে আসছিলেন। তিনি সমাধানের জন্য ফকিরাপুল ওয়াসা কার্যালয়ে যোগাযোগ করলে পরিদর্শক লুৎফর রহমান তার কছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। সোমবার দুপুর ১২টার দিকে মশিউর রহমান টাকা নিয়ে ফকিরাপুল ওয়াসা কার্যালয়ে যান। তার আগে তিনি ঘুষ হিসেবে দেওয়ার জন্য আনা চারটি পাঁচশ' টাকার নোট ফটোকপি করে রাখেন। মশিউর রহমান লুৎফর রহমানের কক্ষে ঢোকার পর যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে লুৎফর রহমানকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌনে নয়টায় তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। মতিঝিল থানার কর্তব্যরত উপপরিদর্শক মনির হোসেন জানান, এ বিষয়ে মশিউর রহমান বাদি হয়ে একটি মামলা করেছেন। লুৎফর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/২৩১৮ ঘ.