অমিত তালুকদার
আইনবিষয়ক প্রতিবেদক
ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি একেএম মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন পলাতক থাকায় এখন আপিলের সুযোগ পাবেন কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে আইনজীবী মহলে। তবে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ইতিমধ্যেই বলেছেন, আপিল বিভাগ মহিউদ্দিনের আবেদন গ্রহণ করলে তিনি আপিল করতে পারবেন।
অন্য অনেক আইনজীবীরও মত, মহিউদ্দিন চাইলে আপিল করতে পারবেন, তবে তার আগে 'বিলম্ব মার্জনার' (আপিল করতে দেরি করার জন্য ক্ষমাপ্রার্থনা) আবেদন করতে হবে। এই আবেদন আদালত গ্রহণ করলেই তিনি আপিল করতে পারবেন।
অন্যদিকে তিনি আপিল না করলে বা করার সুযোগ না পেলে অবিলম্বে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। ওই পরিস্থিতিতে তিনি চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন।
বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টে সরকার পক্ষে দায়িত্ব পালনকারী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেছেন, মহিউদ্দিন 'বিলম্ব মার্জনার' আবেদন জানাতে পারেন। তবে কেন তিনি এতদিন আপিল করেননি তার যুক্তিসংগত কারণ দেখাতে না পারলে আদালতে তার আবেদন গৃহিত হবে না। কারণ আইন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, মহিউদ্দিনের আবেদন আদালত গ্রহণ না করলে অবিলম্বে তার ফাঁসি কার্যকর করা যাবে। তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানাতে পারেন।
তবে একই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি কর্নেল সৈয়দ ফারুক রহমানের আইনজীবী খান সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, এ মামলায় কিছু আসামির আপিল এখনো বিচারাধীন। এ আপিলগুলোর ওপর যখন শুনানি হবে তখন মামলাটি আপিল বিভাগে উন্মুক্ত হবে। এ অবস্থায় মহিউদ্দিন আবেদন করলে তা উপেক্ষা করা কঠিন হবে। তিনি বলেন, মহিউদ্দিন হাইকোর্ট ও আপিল বিভাগে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল করেননি। কিন্তু মেয়াদের প্রশ্নেরও ওপরে হলো তার প্রাণ।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকান্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর দায়ের করা মামলার ভিত্তিতে ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় দেয়। বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রাখলেও বেঞ্চের অপর বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়ে বাকিদের মুক্তি দেন। ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারক মোহাম্মদ ফজলুল করিম মহিউদ্দিনসহ ১২ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।
পরবর্তী এক মাসের মধ্যে নিয়ম অনুযায়ী এই মামলায় ফাঁসির দণ্ড পাওয়া চারজন আসামি সুপ্রিম কোর্টে আপিল করেন।
আপিলের শুনানির তারিখ ধার্য করা হয়েছিল ২০০১ সালের ১৬ আগস্ট। তবে আট বার শুনানি মুলতুবি হবার পর মামলাটি আপিল বিভাগের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ ২০০২ সালের ১৯ মার্চ আপিল বিভাগের দুই বিচারপতি বিব্রতবোধ করলে মামলাটি আর শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়নি। বিচারক স্বল্পতার কারণে এরপর থেকে আপিলটির শুনানি দীর্ঘদিন স্থগিত। চলতি বছর ২০ মার্চ হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি মো. হাসান আমিনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার পর আপিলটি শুনানি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ এখন তাকে নিয়ে এই মামলায় শুনানি গ্রহণ করতে পারেন এমন বিচারকের সংখ্যা তিনজন। বাকি দুজন হলেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি জয়নুল আবেদীন।
এ সত্ত্বেও আপিলটি এখনো শুনানির জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের একজন উর্ধতন কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে তিনি জানান, বন্ধবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সাবেক মেজর বজলুল হুদার পক্ষের 'অ্যাডভোকেট অন রেকর্ড' মারা যাওয়ার পর নতুন একজন আইনজীবী নিয়োগ না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বজলুল হুদা নতুন 'অ্যাডভোকেট অন রেকর্ড' নিয়োগ করবেন কিনা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট থেকে পাঠানো নোটিশের জবাব পাওয়া গেছে ২৬ মে। এখন তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে হবে। এরপরই আপিলটি বিচারের জন্য প্রস্তুত হবে।
তাঁর মতে আগামী ১৫ দিনের মধ্যে এ সমস্যার নিরসন হতে পারে।
১৫ দিন পর মামলাটি শুনানির জন্য প্রস্তুত হলে সরকার বা আসামি পক্ষ আপিল বিভাগে আবেদন জানালেই শুনানি অনুষ্ঠিত হতে পারে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রনালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জানানো হলে আপিলটি শুনানির জন্য উদ্যোগ নেওয়া হবে। সরকার চাইলে এ আপিল পরিচালনার জন্য বিশেষ কৌঁসুলিও নিয়োগ করতে পারে।
তিনি জানান, সংবিধানের ১০৩ (২) (খ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন আসামি আপিল করার অধিকার রাখেন। তবে সুপ্রিম কোর্ট বিধি অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। মহিউদ্দিন এই সময়ের মধ্যে আপিল না করায় তার সেই অধিকার আর নেই। তবে তামাদি আইনের ৫ ধারার বিধান অনুযায়ী আপিল দায়েরে দেরি করার যথাযথ কারণ উল্লেখ করে তিনি 'বিলম্ব মার্জনার' আবেদন করতে পারবেন। সে আবেদন আদালত গ্রহণ করলেই কেবল তিনি আপিল করার সুযোগ পাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/এমএইচবি ২২৩৭ ঘ.
bdnews24