২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিনজনের আত্মহত্যা

শনিবার রাতে ও রোববার রাজধানীতে এক কিশোরীসহ তিনজন আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তিনটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 06:45 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতে ও রোববার রাজধানীতে এক কিশোরীসহ তিনজন আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তিনটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। ডেমরার কোনাপাড়ার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে ইয়াসমীন আক্তার (১১) শনিবার রাতে ঘরের ছাদের খুঁটির সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত ইয়াসমীন টিকাটুলির শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। দু ভাই ও তিনবোনের মধ্যে সে সবার ছোট। ডেমরা থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হক জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। রোববার সকালে তার লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইয়াসমীনের মা আমেনা বেগম জানান, সে মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসাও চলছিল। এদিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সাত্তার (২২) নামের এক যুবক। গত ১০ জুন বিষপানের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুস সাত্তারের বাবার নাম ওয়াহাব মিয়া। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের কাকলী গ্রামে। এদিকে সোমবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়ার রাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজিয়ার ভাই আবু তালেব বলেন, ময়না তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোন আলামত পাওয়া গেলে তারা আদালতে যাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০০৩৮ ঘ.