২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীচক্রের 'কার্যালয়'

রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় রীতিমতো 'অফিস' ভাড়া নিয়ে গত আড়াই বছর ধরে ছিনতাই-রাহাজানি চালিয়ে আসছিল ১১ জনের একটি ছিনতাইকারী চক্র। শনিবার রাতে ওই 'অফিসে' অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা ও একটি তলোয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 06:45 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় রীতিমতো 'অফিস' ভাড়া নিয়ে গত আড়াই বছর ধরে ছিনতাই-রাহাজানি চালিয়ে আসছিল ১১ জনের একটি ছিনতাইকারী চক্র। শনিবার রাতে ওই 'অফিসে' অভিযান চালিয়ে ৬টি তাজা বোমা ও একটি তলোয়ারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাফরুল থানার উপপরিদর্শক মতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ সদস্যের ওই ছিনতাইকারী চক্রটি গুদারাঘাট নতুন রাস্তা সংলগ্ন একটি ঘর ১৪০০ টাকায় ভাড়া নিয়ে তাদের কার্যালয় বানায়। ওই কার্যালয়ে বসেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের পরিকল্পনা করতো তারা। ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হতো চাপাতি, তলোয়ার ও বোমা। ছিনতাইয়ে বের হওয়ার আগে কার্যালয়ে থেকে অস্ত্র নিয়ে গিয়ে ছিনতাই শেষে কার্যালয়েই তা জমা দিতো চক্রের সদস্যরা। সিরাজ ওরফে সিরুর নেতৃত্বে ১১ সদস্যের চক্রটির মূল চারণক্ষেত্র হচ্ছে পুরাতন বিমান বন্দর এলাকা, জিয়া উদ্যান ও বিজয় সরনী। তাদের প্রধান লক্ষ্য পথচারীদের মোবাইল টেলিফোন সেট ও নগদ টাকা। গত আড়াই বছরে দলটি প্রায় দুই হাজার মোবাইল টেলিফোন সেট, ২০/২৫ টি রঙ্গিন টেলিভিশন, কম্পিউটার ও স্বর্ণালংকারসহ বিপুল নগদ টাকা লুট করেছে। চক্রের সদস্যরা সন্ধ্যার পর কয়েকটি দলে ভাগ হয়ে ছিনতাইয়ে নামতো। কাজ শেষে লুট করা মালামাল দলনেতা সিরুর কাছে জমা দেওয়া হতো। সিরু মালামাল বিক্রি করে দলের সব সদস্যের মধ্যে টাকা ভাগ করে দিত। ছিনতাইয়ে বাধা দিলে ধারালো চাপাতি কিংবা তলোয়ার দিয়ে কুপিয়ে লোকজনকে আহত করে দেয়াল টপকে পুরাতন বিমান বন্দরের ভিতর ঢুকে পড়তো তারা। মতিয়ার রহমান জানান, ৭ জুন বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মকবুল হোসেন রিক্সায় ফার্মগেট যাওয়ার পথে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এই ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ছিনতাইকারীরা চাপাতি ও বোমার ভয় দেখিয়ে তার কাছ থেকে জরুরি কাগজপত্রসহ নগদ টাকাপয়সা কেড়ে নেয়। এ ঘটনায় মকবুল হোসেন কাফরুল থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে ১৩ জুন রাতে পুলিশ পুরাতন বিমান বন্দর এলাকা থেকে বাবুল, জাহিদ ও বাদল নামের তিন ছিনতাইকারীকে পাঁচটি চাপাতিসহ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই শাহ আলী গুদারাঘাটের ওই কার্যালয়ের সন্ধান পায় পুলিশ। শনিবার রাতে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে ৬ টি তাজা বোমা ও একটি তলোয়ারসহ জুয়েল ওরফে লিটনকে গ্রেপ্তার করা হয়। লিটনের তথ্য অনুযায়ী পরে রাইনখোলা থেকে শামীম ও জিয়া উদ্যান থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/০০৩৪ ঘ.