রাজশাহী, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদ দেওয়ার অভিযোগে বাগমারা থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী অতিরিক্ত দায়রা জজ আবু সালেহ শেখ মো. জহিরুল হকের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।
অভিযোগ গঠনের সময় সাবেক ভূমি উপমন্ত্রী দুলুকে আদালতে হাজির করা হয়। তবে মামলার অন্যতম দুই আসামী ব্যারিস্টার আমিনুল হক ও নাদিম মোস্তফা পলাতক থাকায় তাদের হাজির করানো যায়নি।
অভিযুক্তদের মধ্যে জলিল আমিন, রহিম উদ্দিন, হানিফ মণ্ডল, আবুল হোসেন, আবুল কালাম, নজরুল ইসলাম, মোকসেদ আলী, মোস্তাক, মুর্শিদ সোনার, সিদ্দিক সোনার, মতলুর রহমান, মোজাহার মণ্ডল ও সাজবুল গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পলাতক।
গত ১২ জুন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়।
বাংলাভাইয়ের বাহিনীর হাতে নির্যাতিত আইয়ুব আলী এ বছরের ৩০ এপ্রিল বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ চলতি বছরের ২৩ মে আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাদিম মোস্তফাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৭ এপ্রিল দুপুরে বাংলাভাইয়ের বাহিনীর সদস্যরা পলাশী গ্রামে বাদীর বাড়ি গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তারা তাদের নেতা হিসেবে ব্যারিস্টার আমিনুল হক, দুলু ও নাদিম মোস্তফার নাম উল্লেখ করে। চাঁদা দিতে অস্বীকার করায় বাদীকে বাংলাভাইয়ের হামিরকুৎসার ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাভাইয়ের নেতৃত্বে নির্যাতনের এক পর্যায়ে বাদী আইয়ুব আলী টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে ১১ এপ্রিল দুপুরে হামিরকুৎসায় বাংলাভাইয়ের ক্যাম্পে গিয়ে চাঁদার ৮০ হাজার চাঁদার টাকা দিয়ে আসেন বলে আইয়ুব আলী এজাহারে উল্লেখ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৯ ঘ.
bdnews24