২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলার আসামীদের জামিন বাতিল

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার আসামীদের জামিন বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার আসামীদের জামিন বাতিল করা হয়েছে। রাষ্ট্র পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ার হোসেন আসামীদের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আসামীদের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। আলোচিত এ হত্যা মামলায় বৃহস্পতিবার আদালতে সাক্ষী উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু কোনও সাক্ষী উপস্থিত না থাকায় বিশেষ পাবলিক প্রসিকিউটর ফিরোজ কামরুল হাসান জামিনে থাকা আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। তিনি আদালতকে জানান, মামলার সাক্ষীদের আদালতে এসে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে আসামীরা জামিনে থাকার শর্ত লঙ্ঘন করেছেন। আদালত তখন আসামীদের জামিন বাতিলের নির্দেশ দিয়ে আগামী ১৮ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করে। ২০০৫ সালের ১৭ নভেম্বর দুপুরে সমকালের ফরিদপুরে জেলা কার্যালয় থেকে ব্যুরো প্রধান গৌতম দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সমকালের জেলা প্রতিনিধি মো. হাসানউজ্জামান বাদী হয়ে সেদিনই একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক গোলাম নবী ২০০৬ সালের ১৯ জানুয়ারি ১০ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আসামীদের মধ্যে আসিফ ইমরান, সিদ্দিকুর রহমান, আসাদ বিন কাদির, রাজীব হাসান মনা ও তামজিদ হোসেন বাবু হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। জামিনপ্রাপ্ত অপর আসামী আবু তাহের মর্তুজা এহসান ওরফে এ্যাপোলো বিশ্বাস ফরিদপুরের অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে রয়েছেন কাজী মুরাদ ও কামরুল ইসলাম আপন নামে আরও দুই আসামী। মামলার এক আসামী জাহিদ খান মারা গেছেন এবং আসিফ ইসতিয়াক বুলু পলাতক রয়েছেন। মামলাটি ফরিদপুরে আদালত থেকে গত বছরের জুলাই মাসে ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইবুনালে পাঠানো হয়। এরপর ১৫ আগস্ট এ আদালতেই সব আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিনি/এমআই/২১৪৫ ঘ.