২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বক্স কালভার্টগুলো জঞ্জালমুক্ত করার দাবি

বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা দূর করতে বক্স কালভার্টগুলো জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা দূর করতে বক্স কালভার্টগুলো জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। নাগরিক সংহতি ও অরগান ডেভেলপমেন্টস লিমিটেড যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। উপস্থিত ছিলেন ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মাদ শীষ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শহিদুল হক খান, অধ্যাপক এএসএম আতিকুর রহমান, সরকার মোহাম্মাদ আমিন প্রমুখ। সংবাদ সম্মেলনে রাজধানীর জলাবদ্ধতা দূর করতে স্বল্প মেয়াদি আরও পাঁচটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এগুলো হচ্ছে -- পানি নিষ্কাশনের জন্য পাম্পের সংখ্যা বাড়ানো, সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু, জলাবদ্ধতা নিরসণ বিষয়ক স্টিয়ারিং কমিটিকে সক্রিয় করা, ভাঙা ম্যানহোল ও ড্রেন সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থাপনায় নিম্নমানের উপকরণ ব্যবহৃত হলে দোষীদের বিচার করা। এছাড়া মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে সাতটি সুপারিশ করা হয়েছে সংবাদ সম্মেলনে। এগুলো হচ্ছে-- খাল ও জলাধার দখলমুক্ত করা, জলাশয় নিয়ন্ত্রণ আইনের পুরোপুরি বাস্তবায়ন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক বাড়ানো, বৃষ্টির পানি সংরক্ষণ, বিদেশি পরামর্শকদের পাশাপাশি দেশি পরামর্শকদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন, সব ধরণের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধে আইনের কঠোর প্রয়োগ এবং ঢাকার আশেপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৩৪৮ ঘ.